পেকুয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

কক্সবাজারের পেকুয়া উপজেলার পশ্চিম বাইম্যাখালী এলাকায় পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ নিধনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দেয়, যার ফলে লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে। পুকুরের মালিক পশু চিকিৎসক বেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে শখ করে রুই, কাতলা, তেলাপিয়া ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। স্থানীয়রা ভোরে পুকুরে মাছ ভেসে থাকতে দেখে তাকে খবর দেন। এ সময় স্থানীয়রা কয়েকটি মাছ তুলে পুকুর পাড়ে রাখেন। মাঝেমধ্যে ক্যাপা জাল দিয়ে নিজেই মাছ ধরতাম।

ভুক্তভোগী বেলাল উদ্দিন জানান, পুকুরের মাছগুলো বড় হয়ে উঠেছিল এবং তার ইচ্ছা ছিল বড় মাছগুলো একসঙ্গে ধরে প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দেবেন। কিন্তু সেই স্বপ্ন বিষাক্ত ষড়যন্ত্রের কারণে অপূর্ণ রয়ে গেল। তিনি অভিযোগ করেন, মদন আলীর ছেলে শাহ আলমের সঙ্গে তার পূর্ববিরোধ রয়েছে এবং শাহ আলম তাকে এর আগেও বিভিন্ন সময় হুমকি দিয়েছিলেন। এই শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে তার ধারণা।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা এছারুল হক ও মহিউদ্দিনসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, নিয়মিত ফজরের নামাজের সময় পুকুরে বড় মাছগুলো দেখে তাদের ভালো লাগত। এমন নিষ্ঠুর কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তারা দোষী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পশু চিকিৎসক বেলাল উদ্দিন নিজেও জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।