দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সজাগ থাকার আহ্বান আসলাম চৌধুরীর

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের অরাজকতা যেন তৈরি না হয়, সে বিষয়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। রোববার (১১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি ও এর অঙ্গসংগঠনের এক সাংগঠনিক সভায় তিনি এই নির্দেশনা দেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের ঐতিহ্য এবং বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী। তাই দুর্গাপূজায় শৃঙ্খলা বজায় রাখতে মণ্ডপগুলোতে দলীয় নেতাকর্মীদের উদ্যোগে শৃঙ্খলা কমিটি গঠন করে দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি। রোববার (১১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আসলাম চৌধুরী আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখতে সবাইকে উদার ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের বিষয়ে দলীয় অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, প্রার্থীদের যোগ্যতা যাচাই ও সঠিক তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ টিম গঠন করা হবে এবং যোগ্যতার ভিত্তিতেই মনোনয়ন চূড়ান্ত করা হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কাজ করলে তা প্রতিপক্ষকে সুযোগ করে দেবে, তাই সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান তিনি।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোরছালিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতারা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত আলী ও ফজলুল করিম চৌধুরী। এছাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, বর্তমান আহ্বায়ক জাকের হোসেন এবং সদস্য সচিব সালেহ আহমেদ সলুসহ চট্টগ্রাম মহানগর ও সীতাকুণ্ড এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।