বাউফল পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করার আহ্বান এমপি মাসুদের প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল পৌরসভাকে সচল, আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) পৌরসভা কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সালেহ আহমদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফল পৌরসভা পৌরবাসীর সম্পদ। এই প্রতিষ্ঠানটিকে রক্ষা করা এবং একে একটি আধুনিক ও বসবাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তোলার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সুন্দর পৌরসভা গড়ে তোলা সম্ভব। এমপি মাসুদ আধুনিক পৌরসভার মূল লক্ষ্য সম্পর্কে বলেন, উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নাগরিকদের নিরাপদ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। তিনি পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্যের মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কোনো অভিযোগ যেন অযথা পড়ে না থাকে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পৌরবাসীর অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠান থেকে নাগরিকরা সর্বোচ্চ সেবা পাওয়ার অধিকার রাখেন, তাই সেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা কাম্য নয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপরও তিনি জোর দেন। মতবিনিময় সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পৌরসভার বাসিন্দা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। SHARES জেলা/উপজেলা বিষয়: উন্নয়নপটুয়াখালীপৌরসভাবাউফলশফিকুল ইসলাম মাসুদ