স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জ্বালানি খাতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে দুই মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা উন্নয়নের পরিবর্তে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন। একই সঙ্গে তিনি জ্বালানিমন্ত্রীর সমালোচনা করে বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় মন্ত্রী কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছেন না। সরকারের এই দুই মন্ত্রীর ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। আগামী ৩০ অক্টোবর দেশজুড়ে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছেন এনসিপি আহ্বায়ক। এই কর্মসূচির চারটি প্রধান কারণ হিসেবে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের কথা উল্লেখ করেন। ওইদিন দুপুর ৩টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালিত হবে এবং পরবর্তীতে সারা দেশে ধারাবাহিক বিক্ষোভ চলবে। কারওয়ান বাজার থেকে কর্মসূচি শুরু করার কারণ ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, এই এলাকায় চাঁদাবাজি ও দখলদারত্বের অভিযোগ দীর্ঘদিনের। তিনি দেশের সব জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষ আজ অসহায়। তিনি অভিযোগ করেন, মাদক কারবার নিয়ন্ত্রণে ব্যর্থতার পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মী, সাধারণ মানুষ ও সাংবাদিকদের ওপর দমন-পীড়ন চলছে। তিনি ১৫ অক্টোবর নেত্রকোনায় এক সাংবাদিককে গুলি করে হত্যা, পরদিন চট্টগ্রামে আরেক সাংবাদিকের ওপর হামলা এবং ১৯ অক্টোবর কক্সবাজারের বিভিন্ন সড়কে ডাকাতি ও লুটপাটের ঘটনা উল্লেখ করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি কারওয়ান বাজারের পণ্যের দামের চিত্র তুলে ধরে বলেন, সয়াবিন তেল ২০০-২১০ টাকা, টমেটো ১৬০-২০০ টাকা, শুকনা মরিচ ৩৮০-৪৫০ টাকা এবং ডিম ১৪০-১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এলপিজি গ্যাসের দাম নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, সরকার তিন দফায় অকটেনের দাম বাড়িয়েছে। সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে গণভোটের রায়ের ভিত্তিতে সংস্কার পরিষদ গঠন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি। এছাড়া সাইবার আইনের সংশোধনী বাতিল এবং গুম ও মানবাধিকার কমিশন সংক্রান্ত কর্তৃত্ববাদী আইন বাতিলের আহ্বান জানান এনসিপি নেতা। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বড় ভূমিকা রেখেছেন। পরিশেষে, শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র পরিচালনার সামগ্রিক ব্যবস্থার পরিবর্তনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। SHARES রাজনীতি বিষয়: গণবিক্ষোভজাতীয় নাগরিক পার্টিজ্বালানিমন্ত্রীনাহিদ ইসলামস্বরাষ্ট্রমন্ত্রী