ইউএনওকে দায়ী করে পোস্ট দেওয়া এসি ল্যান্ডের শারীরিক অবস্থা এখন ভালো

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে নিজের দাপ্তরিক ফেসবুক পেজ থেকে ইউএনও শিল্পী রানী মোদককে দায়ী করে পোস্ট দেওয়ার পর পুলিশ ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে সিলেটের হাসপাতালে ভর্তি করেছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে শনিবার বিকেলে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় নিয়ে আসেন। আরিফুর রহমানের শ্বশুর মহসিন মিয়া জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো।

গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে আরিফুর রহমান নিজের ফেসবুক পেজে পরপর দুটি পোস্ট দেন। এর একটিতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং অন্যটিতে লেখা ছিল ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’। এই ঘটনার পর জামালগঞ্জ থেকে তাঁকে প্রথমে সিলেটের হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে শনিবার বিকেলে স্বজনেরা তাঁকে ঢাকায় নিয়ে যান।

আরিফুর রহমান প্রায় দুই মাস ধরে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে থাকেন। তাঁর ফেসবুক পোস্টের বিষয়ে ইউএনও শিল্পী রানী মোদক বলেন, ‘প্রথমে জানতে পারি এসি ল্যান্ডের মোবাইল হ্যাক হয়েছে। পরে তাঁর স্ত্রী জানান, মোবাইল হ্যাক হয়নি, পোস্টগুলো এসি ল্যান্ডই করেছেন। পরে তাঁর স্ত্রী সেগুলো মুছে ফেলেন।’ পোস্টের বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, ‘এটা আমারও প্রশ্ন। আমি নিজেও বুঝতে পারছি না। পোস্ট দেওয়ার ছয় মিনিট আগেও তিনি আমার বাসায় ছিলেন। উনি সুস্থ হয়ে ফিরে আসার পর কথা বলি, এরপর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।’

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, তারা নিয়মিত আরিফুর রহমানের খোঁজখবর রাখছেন এবং সেখানে স্বজনদের পাশাপাশি অফিসের লোকজনও রয়েছেন। তিনি বলেন, ‘আমরা নিয়মিত তাঁর খোঁজখবর রাখছি। সেখানে স্বজনদের পাশাপাশি আমাদের অফিসের লোকও আছেন। তিনি চিকিৎসা নিচ্ছেন। তিনি ফেরার পর শুক্রবার রাতের ঘটনা কেন কীভাবে ঘটেছে বিস্তারিত জানা যাবে। আপাতত তাঁর চিকিৎসার বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি।’