পাকিস্তান ও আফগানিস্তানে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬

রোববার (২৫ অক্টোবর) রাতে পাকিস্তান ও আফগানিস্তানের বেশ কিছু অঞ্চলে ৫.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দুই দেশের বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি ১১০ কিলোমিটার (৬৮.৩৫ মাইল) গভীরতায় আঘাত হানে। সংস্থাটি প্রথমে কম্পনের মাত্রা ৫.৮ বলে ধারণা করলেও পরে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করে।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের তথ্যানুযায়ী, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং নানগারহারসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশে ভূকম্পন অনুভূত হয়। তবে দেশটিতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।

অন্যদিকে, পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ এশিয়ার এই দুই দেশের কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।