মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন। রোববার দুপুরে তিনি এই মেগা প্রকল্পটি পরিদর্শন করেন। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে তিনি হেলিকপ্টারযোগে মাতারবাড়ীতে পৌঁছান। রাজধানী ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সকালে তিনি মহেশখালীর উদ্দেশে যাত্রা করেছিলেন। মাতারবাড়ীতে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ তাকে স্বাগত জানান।

মাতারবাড়ী পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর চট্টগ্রামের বাঁশখালীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে তিনি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

সফরসূচি অনুযায়ী, বিকাল পৌনে ৪টায় তিনি হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন। পরে বিকাল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন বিষয়ক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সবশেষে তিনি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে তার।