ইরানের দুই তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর সরাসরি হামলা প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬ ইরানের উপকূলীয় অঞ্চলে রাতভর অভিযান চালিয়ে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড ক্রপসের (আইআরজিসি) দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে চালানো এই মার্কিন হামলায় দুই দেশের মধ্যকার উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছাল। সংবাদমাধ্যম এক্সিওস বুধবার (২ সেপ্টেম্বর) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র এবারই প্রথমবারের মতো ইরানি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে। এর আগে ইরানের তেলবাহী জাহাজগুলোকে শুধুমাত্র চলাচলে বাধা দেওয়া হতো। মার্কিন এক কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাঙ্কারের বদলে ট্যাঙ্কার’ নীতির অনুমোদন দিয়েছেন। এই নীতির অংশ হিসেবেই ইরানিদের তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। অর্থাৎ ইরান যদি এখন কোনো ট্যাঙ্কারে হামলা চালায়, তাহলে পাল্টা হামলা হিসেবে তাদের ট্যাঙ্কারকে টার্গেট করবে মার্কিনিরা। যে দুটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে, সেগুলো ইরানের উপকূলে মার্কিন বাহিনীর নৌ-অবরোধের উত্তর দিকে অবস্থান করছিল। এ সময় এগুলোর ওপর ড্রোন ও মিসাইল ছোড়া হয়, যা ট্যাঙ্কারগুলোর ইঞ্জিন রুমে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য ইউনিট সেন্টকম জানিয়েছে, ইরান গত কয়েকদিনে যেসব ট্যাঙ্কার ও তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে, সেটির প্রতিশোধ হিসেবেই গতকাল রাতে তাদের ট্যাঙ্কারে হামলা চালানো হয়। এছাড়া হরমুজ প্রণালিতে ইরান যেন তাদের রাডার ও মিসাইল সক্ষমতা পুনর্গঠন না করতে পারে, সেজন্য বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্যাঙ্কারে হামলা এই পরিকল্পনারই অংশ। এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, গতকাল রাতে ইরানের প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আইআরজিসিইরানট্যাঙ্কার হামলামধ্যপ্রাচ্য সংকটযুক্তরাষ্ট্র