বোয়ালখালীতে ৫ বসতঘর পুড়ে ছাই, বিপুল ক্ষতির দাবি

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর মাইজপাড়া এলাকার দুদু মিয়া সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বসতবাড়িগুলো শাহ আলম, আব্দুর রহিম, করিম, বাদশা মিয়া ও নুরুল আলমের বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শাহ আলম জানান, হঠাৎ লাগা এই আগুনে তার ঘরের নগদ ৩ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে নির্ধারণ করা সম্ভব হয়নি।