রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, সিইউজের তীব্র নিন্দা প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চালানো এই হামলাকে নেতৃবৃন্দ ন্যক্কারজনক ও উন্মত্ততার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন। হামলায় দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, আগামীর সময়ের জাহিদুল ইসলাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজুসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। গুরুতর আহত চার সাংবাদিককে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের ওপর এই হামলা কেবল ব্যক্তি বিশেষের ওপর আঘাত নয়, এটি স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আক্রমণ। একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের প্রকাশ্য সশস্ত্র হামলার ঘটনা সভ্য সমাজে কোনোভাবেই কাম্য নয়। সিইউজে নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি, রাজনৈতিক পরিচয় বা সাংগঠনিক প্রভাব ব্যবহার করে হামলাকারীরা যাতে পার না পায়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। SHARES রাজনীতি বিষয়: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নরাজশাহী বিশ্ববিদ্যালয়সাংবাদিকসিইউজেহামলা