ঢাকার আকাশরেখায় শান্তা হোল্ডিংসের নতুন উঁচু বাণিজ্যিক ভবন

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬

দেশের আবাসন খাতে উন্নত বিশ্বের আদলে ভিন্ন রূপ এনে দিতে নতুন নতুন উঁচু ভবন নির্মাণ করছে শান্তা হোল্ডিংস। এসব ভবনে আন্তর্জাতিক ব্র্যান্ড, বহুজাতিক কোম্পানি এবং শীর্ষস্থানীয় দেশীয় প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের কর্মপরিবেশ পাচ্ছে।

বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ঢাকার তেজগাঁও এলাকাটি দ্রুত রূপান্তর ঘটছে। এই রূপান্তরের অন্যতম প্রতীক হিসেবে গড়ে উঠেছে শান্তা হোল্ডিংসের ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’। প্রায় ৫০০ ফুট উঁচু এই ভবনটি ৬ লাখ ৭০ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। ভবনটির নকশা করেছেন স্থপতি এহসান খানের নেতৃত্বে একদল দেশি-বিদেশি বিশেষজ্ঞ। শান্তা হোল্ডিংসের ভাষ্যমতে, দেশে এই প্রথম কোনো ভবনে পারফরম্যান্স মক-আপ ও উইন্ড টানেল টেস্টিং করা হয়েছে।

রাজধানীর আকাশরেখায় নতুন সংযোজন হতে যাচ্ছে শান্তা হোল্ডিংসের ‘ঢাকা টাওয়ার’। হাতিরঝিলের আবহ ও ভালো যোগাযোগব্যবস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই টাওয়ারটি তৈরিতে ডাচ স্থাপত্য প্রতিষ্ঠান ওএমএর (OMA) সঙ্গে যৌথভাবে কাজ করছে শান্তা হোল্ডিংস। ২০ লাখ বর্গফুট বিশাল আয়তনের ১৫০ মিটার উঁচু এই ঢাকা টাওয়ারে থাকছে আধুনিক বাণিজ্যিক ও খুচরা বিক্রয়কেন্দ্র। প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, উদীয়মান অর্থনীতি ও নতুন প্রজন্মের উদ্যমী চেতনার প্রতীক হিসেবে এই টাওয়ারটির ডিজাইন করা হয়েছে।