সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পড়েছেন সহস্রাধিক পর্যটক

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬

রাঙ্গামাটির অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র সাজেক যাতায়াতের একমাত্র সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির যৌথ বিবৃতিতে এই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গত শনিবার (১০ অক্টোবর) সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এই অবরোধের ঘোষণা দেন।

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাজেকের উজোবাজার এলাকায় আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠন দুটি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। নির্ধারিত সেই সময়সীমা ১০ অক্টোবর শনিবার দুপুর ১২টায় শেষ হলে সংগঠন দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য সাজেক সড়কে অবরোধের ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু গ্রুপ) সদস্যদের সাজেকে অবস্থানের কারণে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। সংগঠন দুটির দাবি, সাজেক থেকে জেএসএস-সন্তু গ্রুপের সদস্যদের সরিয়ে না নেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গত এক মাস ধরে পাহাড়ে দুটি সশস্ত্র সংগঠন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে। গত ২৯ সেপ্টেম্বর সাজেক ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের গোলাগুলিতে সঞ্জিতা ত্রিপুরা নামে এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।

এদিকে এই অবরোধের মুখে পড়ে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সহস্রাধিক পর্যটক সাজেকে আটকা পড়েছেন। সাজেকে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সংশ্লিষ্টদের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে আটকে পড়া পর্যটকরা কখন ফিরতে পারবেন, সে বিষয়ে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত