কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬ প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩০ পিএম। বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে কৃষিকাজ লাভজনক না হওয়ায় অনেক শ্রমিক এ পেশা ছেড়ে চলে যাচ্ছেন, যার ফলে মাঠে কাজ করার মতো পর্যাপ্ত কৃষক পাওয়া যাচ্ছে না। এই সংকট উত্তরণে কৃষিকে লাভজনক পেশায় রূপান্তর করা জরুরি। রাষ্ট্রপতি বলেন, কৃষিপণ্যের উৎপাদন বাড়লেও যথাযথ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির অভাবে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, উত্তরাঞ্চলে প্রচুর আলু উৎপন্ন হলেও কৃষকরা ন্যায্যমূল্য পান না, আবার ঢাকায় পৌঁছালে দাম অনেক বেড়ে যায়। টমেটোসহ অন্যান্য সবজি ও ফলমূল সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ এবং উন্নত প্রযুক্তির সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন। তিনি কৃষিপণ্য বিপণনে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার ওপরও জোর দেন। কৃষি জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, অতিরিক্ত সার মাটির উর্বরতা ও ফসলের গুণগত মান নষ্ট করছে। কৃষকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন। তবে পেঁয়াজ উৎপাদনে গবেষকদের সাফল্যকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন, যা আমদানিনির্ভরতা কমিয়ে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে। কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, উপযুক্ত পরিবেশ ও সুবিধা না পেলে মেধাবী শিক্ষার্থীদের এ পেশায় আকৃষ্ট করা কঠিন হবে। তিনি কৃষি বিজ্ঞানীদের পেনশন-সংক্রান্ত বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নিতে কৃষিমন্ত্রীর প্রতি আহ্বান জানান। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষি উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং উচ্চফলনশীল ধানের বীজ সম্প্রসারণের অবদানের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন। এর আগে বারি প্রাঙ্গণে পৌঁছালে রাষ্ট্রপতিকে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শন শেষে তিনি বারি জিন ব্যাংক পরিদর্শন করেন এবং উদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্র প্রাঙ্গণে 'বারি কাঁঠাল-৬' জাতের একটি চারা রোপণ করেন। এ সময় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, গাজিপুর-২ এর সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক মো. মঞ্জুরুল কাদির, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রপতি সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ বারি প্রাঙ্গণে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। SHARES জাতীয় বিষয়: কৃষিকৃষিপণ্যনিরাপদ খাদ্যবারিরাষ্ট্রপতি