যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন। সাবেক সরকারপ্রধান হিসেবে তার জন্য এই অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এই বিশেষ প্রটোকল ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।

ঘটনার সূত্রপাত গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে একদল ব্যক্তি ড. ইউনূসকে হেনস্তা করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। এহেন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউইয়র্ক এবং ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন ও কনস্যুলেটের কর্মকর্তাদের ড. ইউনূসের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন।

বাংলাদেশ সরকার এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। জানা গেছে, এ ঘটনায় জড়িতরা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য। শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের মতো একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে দেশের বাইরে হেনস্তা করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঘটনাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে অবহিত করেছে। একই সঙ্গে নিউইয়র্ক কনস্যুলেট নিউইয়র্ক সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। বিমানবন্দরের দায়িত্বে থাকা পোর্ট অথরিটি এবং পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। বাংলাদেশ কনস্যুলেট এখন এ বিষয়ে তাদের কাছ থেকে পরবর্তী তথ্যের অপেক্ষায় রয়েছে।