চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

সোমবার (১২ অক্টোবর) সকালে চন্দনাইশে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া। সভায় শিশু বিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু বিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। এই ব্যাধি প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সচেতনতা বৃদ্ধি, বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়ন এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনগণকে অবহিত করার মাধ্যমেই একটি শিশু বিবাহমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এছাড়া কন্যাশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করে তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহউদ্দিন, প্রাথমিক ইউআরসি ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি এবং বরগুনি বিট কর্মকর্তা রহমত আলী। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিশু বিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত