লোহাগড়ায় নির্মাণ শ্রমিক আলিনুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার প্রকাশিত: 2:32 PM, July 22, 2026 নড়াইলের লোহাগড়ায় নির্মাণ শ্রমিক আলিনুর ফকির (২৫) হত্যা মামলার প্রধান আসামি রাজিব শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে র্যাব-৬ এর যশোর ক্যাম্প (সিপিসি-৩) এবং সাতক্ষীরা ক্যাম্পের (সিপিসি-১) একটি যৌথ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং গ্রেপ্তারের পর তাকে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, গত সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামে অভিযান চালিয়ে এই মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি রহমান শেখকে গ্রেপ্তার করেছিল র্যাব। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হলো। উল্লেখ্য, গত রোববার (১৯ জুলাই) রাত ১০টার দিকে লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের প্রাইমারি স্কুলের পাশে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হয় নির্মাণ শ্রমিক আলিনুর ফকিরকে। সেখানে রাজিব শেখ ও তার সহযোগীরা তাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পরদিন সোমবার রাতে নিহত আলিনুরের ভাই আমিনুর ফকির বাদী হয়ে রাজিব শেখকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৫-৭ জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। SHARES অন্যান্য বিষয়: গ্রেপ্তারনড়াইলর্যাবলোহাগড়াহত্যা মামলা