ইরানে টানা ১১ দিন ধরে মার্কিন সামরিক বাহিনীর হামলা অব্যাহত

প্রকাশিত: 5:06 PM, July 22, 2026

ইরানে টানা হামলা অব্যাহত রেখেছে মার্কিন সামরিক বাহিনী। একাদশ রাতের মতো ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ অঞ্চলে এই হামলা চালানো হয়েছে, যেখানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৭টা থেকে এই হামলা শুরু হয়।

সেন্টকমের ভাষ্যমতে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতা দুর্বল করাই এই হামলার মূল উদ্দেশ্য। সাধারণত সাম্প্রতিক হামলাগুলো দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালিসংলগ্ন এলাকাগুলোতে চালানো হলেও, তাবরিজে হামলার ঘটনাটি এই ধারার চেয়ে কিছুটা ভিন্ন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় তৎপরতার শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া দক্ষিণ ইরানের সিরিক শহর এবং বুশেহর প্রদেশের বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ এবং সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পুনরায় হামলা শুরুর পর ইরান কুয়েত, বাহরাইন ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে হামলা চালিয়েছে। এর অংশ হিসেবে গত মঙ্গলবার কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।