জাতিসংঘে বাংলাদেশের শান্তির সংস্কৃতি বিষয়ক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত

প্রকাশিত: 11:02 AM, July 25, 2026

সংলাপ, সহনশীলতা, সংহতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বৈশ্বিক অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাবটি গৃহীত হয়েছে।

প্রস্তাবটি উপস্থাপনের সময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ গঠনের জন্য চলমান সংলাপ, পারস্পরিক বোঝাপড়া এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ অত্যন্ত জরুরি। একইসঙ্গে তিনি জাতিসংঘ সনদের নীতিমালার প্রতি অটল থাকার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত প্রস্তাবটির প্রতি সমর্থন এবং গঠনমূলক সম্পৃক্ততা প্রদর্শনের জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বিভাজন ও সংঘাতের পরিবর্তে সংলাপ এবং অসহিষ্ণুতার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।

উল্লেখ্য যে, ১৯৯৯ সালে বাংলাদেশের উদ্যোগে প্রথমবারের মতো এই প্রস্তাবটি গৃহীত হয়। গত আড়াই দশক ধরে এটি জাতিসংঘে ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ এজেন্ডা এগিয়ে নেওয়ার প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে। এই উদ্যোগটি সংঘাত প্রতিরোধ, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং বহুপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সহনশীলতা, সংহতি ও অহিংসার মূল্যবোধকে সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।