বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

প্রকাশিত: 2:03 PM, July 28, 2026

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম দাপ্তরিক কার্যক্রম। মঙ্গলবার সকাল সোয়া ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানায় এবং গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যায়।

সেখানে পিজিআর-এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার প্রদান শেষে প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানান।

আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তার কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব তাকে বঙ্গভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।