ত্রাণ নয়, বরগুনার পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে আন্দোলন

প্রকাশিত: 4:01 PM, July 29, 2026

বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা, রুহিতা ও জিনতলা এলাকার বেড়িবাঁধের ভয়াবহ ভাঙ্গন রোধ এবং স্থায়ী সমাধানের দাবিতে পদ্মা এলাকায় একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় যুব নেটওয়ার্ক এক্টিভিস্তার নেতৃত্বে এবং এনএসএস ও একশনএইড’র সহযোগিতায় এই কর্মসূচি আয়োজিত হয়। এতে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

“প্রতিশ্রুতি নয় ও ত্রাণ নয়, এখনই টেকসই বেড়িবাঁধ চাই, নিরাপদ পাথরঘাটা গড়তে চাই”—এমন প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সগির আলম। এছাড়া পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, এনএসএসের প্রকল্প সমন্বয়কারী মো: মনিরুজ্জামান, সমাজসেবক মো: মেহেদি হাসান সিকদার, পরিবেশ কর্মী মো: শফিকুল ইসলাম খোকন, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিন সোহেল এবং ইউনিয়ন পরিষদ সদস্য মো: শাহআলমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও বসতভিটা রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। বিশেষ করে বরগুনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি মহোদয়ের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এনএসএসের প্রকল্প সমন্বয়কারী জানান, বেড়িবাঁধ ভাঙ্গনের ফলে পাথরঘাটার মানুষের জীবনযাত্রা চরম ঝুঁকির মুখে পড়ছে এবং বসতভিটা নদীতে বিলীন হওয়ার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। তিনি বলেন, এনএসএস দীর্ঘদিন ধরে জনসচেতনতা তৈরির কাজ করলেও এখন সরকারের বৃহৎ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আয়োজকদের মতে, এটি কেবল একটি প্রচারাভিযান নয়, বরং উপকূলের মানুষের জীবন রক্ষার একটি জরুরি মানবিক উদ্যোগ। এক্টিভিস্তা বরগুনার সদস্য মো. সালমান বলেন, এই কর্মসূচির মাধ্যমে তারা স্থানীয় পর্যায়ের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টেকসই বেড়িবাঁধের বিষয়টি জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চান।