বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে চিংফেং ঝাংয়ের দায়িত্ব গ্রহণ প্রকাশিত: 6:37 PM, July 30, 2026 বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন চিংফেং ঝাং। বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি ঢাকায় আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন। এই পদে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বাংলাদেশে এডিবির কার্যক্রম পরিচালনা করবেন, যা ব্যাংকটির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কার্যক্রম। নতুন দায়িত্বের অংশ হিসেবে চিংফেং ঝাং বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কৌশলগত নীতিসংলাপে নেতৃত্ব দেবেন। এছাড়া বাংলাদেশের জন্য এডিবির পরবর্তী উন্নয়ন কৌশল প্রণয়নে তিনি দিক-নির্দেশনা প্রদান করবেন। দায়িত্ব গ্রহণের পর চিংফেং ঝাং বলেন, বাংলাদেশের উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করতে পারা তার জন্য অত্যন্ত গৌরবের। তিনি আরও বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ সফলভাবে বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। এডিবি মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা জোরদার, বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং আঞ্চলিক সহযোগিতা গভীর করার লক্ষ্যে সরকার ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চিংফেং ঝাংয়ের টেকসই উন্নয়নের ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে ২০ বছরেরও বেশি সময় তিনি এডিবিতে কাজ করেছেন। এর আগে তিনি এডিবির অ্যাগ্রিকালচার, ফুড, নেচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেক্টর অফিসের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। কৃষি, পানিসম্পদ, পরিবেশ ও গ্রামীণ উন্নয়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি চীনের নাগরিক এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ প্রকৌশলে ডক্টরেট, সিচুয়ান বিশ্ববিদ্যালয় থেকে পানিসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ও হাইড্রোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে পেশাগত শিক্ষা গ্রহণ করেছেন। উল্লেখ্য যে, ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্য হয়। এ পর্যন্ত এডিবি বাংলাদেশের উন্নয়নে প্রায় ৪৩ বিলিয়ন ডলার ঋণ ও অনুদান অনুমোদন করেছে। ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত এডিবির চলমান সরকারি ও বেসরকারি খাতের প্রকল্প-অর্থায়নের পরিমাণ প্রায় ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির সদস্য দেশের সংখ্যা ৬৯, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। SHARES অর্থনীতি বিষয়: অর্থনৈতিক প্রবৃদ্ধিউন্নয়ন অংশীদারএডিবিচিংফেং ঝাংবাংলাদেশ অর্থনীতি