নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে ৩ জন নিহত, শান্তির আহ্বান প্রধানমন্ত্রীর প্রকাশিত: 11:30 AM, July 31, 2026 নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই সংঘাতের প্রেক্ষিতে দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। গত মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম বড় ভাষণ। সরকারি সূত্র অনুযায়ী, গত রোববার ভারত সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে এই সহিংসতার সূত্রপাত হয়। হিন্দুদের একটি ধর্মীয় শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা টাঙানো নিয়ে স্থানীয় মুসলিমদের সঙ্গে তুমুল বাগ্বিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফ্লে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এরপর পার্শ্ববর্তী সিরাহা জেলায় কারফিউ ভেঙে বিক্ষোভ করার সময় আরও একজনের মৃত্যু হয়। সহিংসতা মোকাবিলায় স্থানীয় প্রশাসন সুনসারি ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে কঠোর কারফিউ জারি করেছে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সরকারের পক্ষ থেকে সব নাগরিক, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও ধর্মীয় নেতাদের ধৈর্য ও সংযম বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, 'আসুন, সবাই মিলে অশান্তির মেঘ দূর করি। দেশে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং জাতীয় ঐক্য রক্ষা করাই এখন আমাদের মূল লক্ষ্য।' প্রধানমন্ত্রী এই ঘটনার স্বচ্ছ তদন্তের প্রতিশ্রুতি দিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে পুলিশ তৎপর রয়েছে। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফ্লে জানান, পুলিশকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং জনগণের জানমাল রক্ষায় ন্যূনতম বল প্রয়োগের নীতি অনুসরণ করা হচ্ছে। SHARES আন্তর্জাতিক বিষয়: কারফিউনেপালনেপাল সংবাদবালেন্দ্র শাহহিন্দু-মুসলিম সংঘর্ষ