আদাবরে বিএনপি নেতা হত্যা মামলায় বহিষ্কৃত নেতার রিমান্ড নামঞ্জুর প্রকাশিত: 10:30 PM, August 2, 2026 রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিকালে মামলার বাদীও আদালতে উপস্থিত ছিলেন। এ সময় বাদী হলফনামা দিয়ে আদালতকে জানান যে, মনোয়ার হোসেন জীবন এই মামলার প্রকৃত আসামি নন। বাদীপক্ষের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত রিমান্ড আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৮ জুলাই রাতে র্যাব-২ মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে লেদু হাসানকে আটক করে। লেদু হাসানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩২টি মামলা রয়েছে। আবুল বাশার বাদশা হত্যা মামলার তদন্তে গ্রেপ্তার হওয়া অন্যান্য আসামিরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিতে লেদু হাসানকে মূল হত্যাকারী হিসেবে উল্লেখ করেছিলেন। অভিযোগ রয়েছে, ভিকটিম পারভেজকে হত্যার জন্য অস্ত্র সরবরাহ করেছিলেন লেদু। মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ জুন রাতে ফুটবল বিশ্বকাপে ব্রাজিল জয়ের পর বাঁশি বাজানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। স্থানীয় হাবিবুর রহমান নামের এক ব্যক্তি বাঁশি বাজালে নিরব নামের এক ব্যক্তি তার ওপর ক্ষিপ্ত হন। বিষয়টি মীমাংসার জন্য হাবিবুর রহমানের ভাগ্নে সাদ্দাম হোসেন আসামিদের নবোদয় হাউজিংয়ে তার অফিসে ডাকেন। গত ৩০ জুন দুপুরে সাদ্দামের টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিনি নিজেকে হাবিবুর রহমানের ভাগ্নে পরিচয় দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার কপালে আঘাত করে। পরবর্তীতে হাসান মিয়া লেদুর উপস্থিতিতে নবোদয় হাউজিংয়ের কাঁচাবাজার এলাকায় একটি দোকানে বিচারের কথা হয়। এই ঘটনায় তার স্ত্রী মোসা. স্মৃতি আক্তার আদাবর থানায় মামলাটি দায়ের করেন, যেখানে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। SHARES অন্যান্য বিষয়: আদাবরবিএনপিমনোয়ার হোসেন জীবনরিমান্ডহত্যা মামলা