বিশ্বজয়ী তরুণ উদ্ভাবকদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর প্রকাশিত: 11:32 PM, August 2, 2026 আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাতে তিনি বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের উদ্ভাবনী উদ্যোগে সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। শিক্ষার্থীরা যদি প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে আগ্রহী হয়, তবে সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে তাদের প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হবে। সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। তারেক রহমান রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও এর ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী রোবটটির অধিকতর প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকারি সহায়তার আশ্বাস দেন। শিক্ষার্থীরা পড়াশোনা শেষে নিজেদের উদ্যোগে প্রযুক্তি খাতে কাজ করার আগ্রহের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। দেশের অর্থনীতিকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো সম্ভাবনাময় খাতগুলোকে শক্তিশালী করতে কাজ করছে। তিনি বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর জোর দেন এবং বিদেশে কর্মরত বাংলাদেশি বিশেষজ্ঞদের দেশে ফিরে এই খাতের বিকাশে অবদান রাখার আহ্বান জানান। উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৯ জুন অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নিয়েছিল। এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবের মতো দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্স-আপ এবং স্বাগতিক কানাডা তৃতীয় স্থান লাভ করে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দূলা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। SHARES জাতীয় বিষয়: আন্ডারওয়াটার রোবটএমআইএসটিতরুণ উদ্ভাবকতারেক-রহমানপ্রযুক্তি