হরমুজে ইরানের হামলায় অচল দুটি তেলবাহী ট্যাংকার

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে ইরানের হামলার শিকার হয়েছে দুটি তেলবাহী ট্যাংকার। ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছে, তেহরানের আগাম অনুমতি বা নিয়ম না মেনে মার্কিন সামরিক সহায়তায় চারটি বাণিজ্যিক জাহাজ প্রণালিটি অতিক্রম করার চেষ্টা করেছিল।

আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সতর্ক করার পর দুটি জাহাজ পিছু হটলেও বাকি দুটি জাহাজ চলাচল অব্যাহত রাখে। এর পরিপ্রেক্ষিতে ইরান তাদের ওপর আক্রমণ চালালে জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলো অচল হয়ে পড়ে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে আগুন লাগার বিষয়টি যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও) নিশ্চিত করেছে।

এই ঘটনার প্রেক্ষাপটে ইরান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে, তেহরানের নিয়ম না মেনে মার্কিন সহায়তায় কোনো বাণিজ্যিক জাহাজকে এই পথ দিয়ে যেতে দেয়া হবে না। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ সবকটি বন্দরে নৌঅবরোধ জারি করার কথা জানিয়েছে। বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পথটি পুরোপুরি সংঘাত অঞ্চলে পরিণত হয়েছে।

ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পার হতে গিয়ে আক্রমণের মুখে পড়েছে ২ টি তেলবাহী ট্যাংকার।