রায়পুর মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, চরম ভোগান্তিতে এলাকাবাসী

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬

লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের পাশে অবস্থিত বর্ডার বাজারের উত্তর অংশে দুই জেলার সীমানায় একটি তোরণ রয়েছে। ফরিদগঞ্জ থেকে রায়পুরে প্রবেশের সময় এই তোরণে ‘স্বাগত রায়পুর উপজেলা’ এবং রায়পুর থেকে বের হওয়ার সময় ‘ধন্যবাদ রায়পুর উপজেলা’ লেখা চোখে পড়ে। কিন্তু এই তোরণের নিচেই গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়, যা দিয়ে কার্যত উপজেলাটি পথচারী ও যাত্রীদের স্বাগত ও বিদায় জানাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, গত ৬ থেকে ৭ বছর ধরে রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ড ও বিভিন্ন হাটবাজারের বর্জ্য প্রতিদিন ভ্যানে করে এনে এই মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। এতে সড়কের পাশের জেলা পরিষদের জলাশয়টি ময়লায় ভরাট হয়ে গেছে। এছাড়া পাশেই একটি খাল থাকায় প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য ছড়িয়ে পড়ছে দূরদূরান্তের এলাকায়, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. শাহআলম বলেন, পৌরসভার খেয়াল-খুশিমতো ময়লা ফেলার কারণে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছি। বারবার অভিযোগ করার পরও পৌরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না। রিপন নামে আরেক বাসিন্দা জানান, ময়লার দুর্গন্ধে ওই এলাকায় শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে। স্কুলছাত্রী সালমা আক্তার জানায়, প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার সময় এই এলাকা দিয়ে যেতে তাকে নাক চেপে ধরে রাখতে হয়।

গরম ও বৃষ্টির সময়ে দুর্গন্ধের তীব্রতা বহুগুণ বেড়ে যায়। মাঝে মাঝে এসব ময়লা পোড়ানো হলে অস্বাস্থ্যকর কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য হুমকির মুখে পড়লেও উপজেলা প্রশাসন বর্জ্য ব্যবস্থাপনায় এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে রায়পুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ জানান, পৌরসভার নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন নেই এবং জমি সংকটের কারণে তা নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, আমাদের বিকল্প কোনো উপায় এখনো তৈরি না থাকায় ১০০ টন বর্জ্য সংগ্রহ করে সেগুলো সড়কের পাশে ফেলতে বাধ্য হচ্ছি। সাবেক মেয়রগণ এই ব্যবস্থা করে গেছেন এবং আমরা তা চালিয়ে যেতে বাধ্য হচ্ছি।