সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন আদালত প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬ গৃহযুদ্ধ চলাকালে সংঘটিত অপরাধের দায়ে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একই মামলায় দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত বাশার আল-আসাদকে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন। অন্যদিকে, আতেফ নাজিবকে পূর্বপরিকল্পিত হত্যা ও নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেছে যে, ২০১১ সালে দেরা প্রদেশে বাশার আল-আসাদের সরকারের অধীনে যেসব অপরাধ সংঘটিত হয়েছিল, তা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ থেকে গৃহযুদ্ধের সূত্রপাত হয়। পরবর্তীতে এই সংঘাত পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়ে, যার ফলে লাখ লাখ মানুষ নিহত ও বাস্তুচ্যুত হন। দেরা প্রদেশে সরকারবিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের মধ্য দিয়েই সিরিয়ার বিদ্রোহের সূচনা হয়েছিল। আদালতের এই রায় সিরিয়ার সাবেক সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধকালীন অপরাধের বিচারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আদালতআন্তর্জাতিকগৃহযুদ্ধবাশার আল-আসাদমৃত্যুদণ্ডসিরিয়া