হরমুজ প্রণালিতে যৌথ নৌপথ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি সোমবার

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌপথ চালুর বিষয়ে আগামী সোমবার ওমানের রাজধানী মাসকাটে একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এই চুক্তির বিষয়ে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনকেও অবহিত করা হবে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের প্রেসিডেন্ট জানান, সোমবার মাসকাটে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালিতে যৌথ নৌপথ প্রতিষ্ঠার চুক্তিটি সই হবে। তিনি আরও উল্লেখ করেন যে, যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র অতীতে ইরানে হামলা চালিয়েছে, সেসব দেশও এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবে।

যুক্তরাষ্ট্রের সামরিক ব্যর্থতা ও ইরানের ওপর অর্থনৈতিক চাপের বিষয়ে পেজেশকিয়ান বলেন, সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক চাপের কৌশল নিয়েছে। তবে এর মাধ্যমে ইরানকে দমানো সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। এছাড়া ইরানের টিকে থাকা পুরোপুরি সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয় বলেও তিনি দাবি করেন। তিনি স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্রের অবরোধ ও হামলা বন্ধ হলেই ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার জানিয়েছিলেন, সোমবার ওমান আটটি উপসাগরীয় দেশকে নিয়ে একটি আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করবে। ওই বৈঠকে আঞ্চলিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ নৌপথ নিশ্চিত করার বিষয়ে ইরান ও ওমানের আলোচনার ফলাফল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।