আফগানিস্তানে বিস্ফোরণে তালেবান মেয়র নিহত, দুই সপ্তাহে দ্বিতীয় কর্মকর্তা খুন

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের প্রাদেশিক রাজধানী ফয়জাবাদে এক ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন মেয়র হাবিব উর রহমান মনসুর। গত বৃহস্পতিবার রাতে গাড়িতে থাকা অবস্থায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই সপ্তাহের ব্যবধানে ওই অঞ্চলে তালেবান প্রশাসনের দ্বিতীয় কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হামলার শিকার হয়ে প্রাণ হারালেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেয়র হাবিব উর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামলার ধরন কেমন ছিল কিংবা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা। এ ছাড়া নাম প্রকাশ না করার শর্তে আফগানিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও এই হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছেন। প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় তিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি।

এই হত্যাকাণ্ডের মাত্র দুই সপ্তাহ আগে বাদাখশানের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক জাবিহুল্লাহ আমিরিকে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি একটি এলাকা থেকে ফয়জাবাদে যাওয়ার পথে বন্দুকধারীদের হামলার শিকার হন। সে সময় আমিরির নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালালে এক হামলাকারী নিহত হয় এবং অন্যজনকে আটক করা হয়। তবে এই দুটি হামলার মূল উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পঞ্চম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে তালেবান। ওই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পর দ্রুতই দেশটির নিয়ন্ত্রণ নিয়েছিল তারা।

বাদাখশান ও আফগানিস্তানের অন্যান্য অঞ্চলে তালেবান কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার ঘটনা এবারই প্রথম নয়। ২০২৪ সালের ডিসেম্বরে কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় দেশটির শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল হাক্কানি নিহত হন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা ছিলেন। এর আগে ২০২৩ সালের জুনে বাদাখশানের ডেপুটি গভর্নর নিসার আহমদ আহমাদি এবং তাঁর গাড়িচালক এক গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারান। চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স (আইএস-কে) ওই হামলার দায় স্বীকার করেছিল। ডেপুটি গভর্নরের মৃত্যুর কয়েক দিন পর তাঁর স্মরণসভাতেও আত্মঘাতী বোমা হামলা চালানো হয়, যাতে অন্তত ১৩ জন নিহত হন এবং সেই হামলার দায়ও স্বীকার করে আইএস-কে। এ ছাড়া ২০২৩ সালের মার্চে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের গভর্নরও তাঁর কার্যালয়ে বোমা হামলায় নিহত হয়েছিলেন।