সাভারে ওরস বন্ধের দাবিতে স্মারকলিপি, নিরাপত্তা জোরদার প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬ ঢাকার সাভারে সুরেশ্বর দরবার শরিফের পীরের অনুসারী সাধক কাজি জাবের আহমেদ ওরফে জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে অনুষ্ঠেয় ওরস বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদী জনতা’। এই দাবিতে তারা সাভার উপজেলা প্রশাসন ও থানায় স্মারকলিপি প্রদান করেছে। একই সঙ্গে ওরসের আয়োজক জাবের আহমদের বিরুদ্ধে ইসলামবিরোধী ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই ওরস ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ওরসে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য না দেওয়ার জন্য আয়োজকদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, এই বিষয়ে উভয় পক্ষই তার কাছে স্মারকলিপি জমা দিয়েছে। তবে তিনি উল্লেখ করেন যে, নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা সবারই রয়েছে। ইউএনও বলেন, “ওরশের আয়োজকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদেরকে উসকানিমূলক বক্তব্য না দিতে এবং নামাজের সময় ওরসের মাইক বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে যেন তারা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটান। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ওরস চলাকালীন তৎপর থাকবেন।” হেফাজতে ইসলাম ঢাকা জেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম এ প্রসঙ্গে বলেন, স্থানীয় ওলামায়ে কেরাম বিষয়টি তাদের জানিয়েছেন। ইসলাম ধর্ম নিয়ে কোনো অপপ্রচার চালানো হলে তার বিরুদ্ধে কথা বলা ঈমানী দায়িত্ব এবং সেজন্যই তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ওরসের নামে কোনো ইসলামবিরোধী কার্যক্রম চললে তা বন্ধ করা আবশ্যক বলে তিনি দাবি করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, বিষয়টি নিয়ে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, “আয়োজকদের ধর্মীয় উসকানিমূলক বক্তব্য না দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ওরস সম্পন্ন করতে বলা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া ওরস আয়োজনের পূর্বে জেলা প্রশাসকের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার জন্যও তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।” অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওরসের মূল আয়োজক কাজি জাবের আহমেদ ওরফে জাবের আল জাহাঙ্গীরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES ধর্ম বিষয়: ওরসতৌহিদী জনতাধর্মীয় বিতর্কপ্রশাসনসাভারস্মারকলিপি