দেশে ডেঙ্গু আক্রান্তে নতুন রেকর্ড, একদিনে হাসপাতালে ভর্তি ১০৯৭

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন। চলতি বছরে এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হিসেবে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। নতুন করে তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আগস্ট মাসেই মারা গেছেন ৩৯ জন। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নতুন ভর্তি হওয়া রোগীদের নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৭৯৩ জন, যার ফলে চলতি বছর সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ১৮৮ জনে।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৫৯ জন ঢাকা বিভাগের। এছাড়া খুলনা বিভাগে ২৪৩ জন, বরিশালে ১২৩ জন, চট্টগ্রামে ১১৬ জন, ময়মনসিংহে ৮১ জন এবং রাজশাহী বিভাগে ৭৬ জন ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন।