শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ১০ প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬ প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫৮ (01-09-2026, 14:58) মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমজম টাওয়ার এলাকায় এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের মধ্যে চারজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে মীর সরফত আলী সপুরের অনুসারীদের একটি আনন্দ মিছিল বের করার কথা ছিল। এ উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। একপর্যায়ে শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী সেখানে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। তর্কাতর্কির একপর্যায়ে তা দ্রুত সহিংস রূপ নেয়। দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ সময় ইটের আঘাতে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের ঘটনার পরপরই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে। SHARES জাতীয় বিষয়: পুলিশ আহতপ্রতিষ্ঠাবার্ষিকীবিএনপিমুন্সীগঞ্জশ্রীনগরসংঘর্ষ