ডিমলায় মাদক সেবনের ভিডিও ভাইরাল, পুলিশ সদস্য রমজান ক্লোজড প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬ নীলফামারীর ডিমলা সদরে নির্মাণাধীন একটি বাড়িতে মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত পুলিশ কনস্টেবল মোঃ রমজান আলীকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাকে নীলফামারী পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। অভিযুক্ত রমজান আলী ডিমলা থানায় কর্মরত ছিলেন এবং তার কনস্টেবল নম্বর (বিপি) ৪২০। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ডিমলা সদরের ইসলামিয়া ডিগ্রী কলেজ মোড় থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে মোঃ মোতাহার হোসেন সোহেল (পিতা: মশিয়ার রহমান) নামের এক ব্যক্তির একটি নতুন বাড়ির নির্মাণকাজ চলছে। গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার সময় ওই বাড়িতে সন্দেহভাজন কিছু লোকের উপস্থিতি টের পান স্থানীয়রা। এরপর এলাকাবাসী একজোট হয়ে সেখানে প্রবেশ করলে পুলিশ সদস্য রমজান আলীসহ চারজনকে সরাসরি মাদক সেবনরত অবস্থায় দেখতে পান। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা তাদের আটকানোর চেষ্টা করলে জানা যায় যে, তাদের মধ্যে একজন ডিমলা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনাটি জানাজানি হওয়ার পর বিষয়টি ধামাচাপা দিতে এবং স্থানীয়দের মধ্যে ভীতি সৃষ্টি করতে সেখানে উপস্থিত লোকজনকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরবর্তীতে এই মাদক সেবনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নির্মাণাধীন বাড়িটি দীর্ঘদিন ধরেই বহিরাগত অপরিচিত লোকজনের মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, অন্ধকারাচ্ছন্ন ওই বাড়িতে শুধু মাদক সেবনই নয়, অনৈতিক উদ্দেশ্যে মাঝে মাঝে মেয়েদেরও নিয়ে আসা হতো। এই কর্মকাণ্ডে আশপাশের বাসিন্দারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের ওপর, সেই পুলিশ সদস্য নিজেই যদি মাদক সেবনে জড়ান, তবে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা পাবে? যুবসমাজকে রক্ষায় এই বিতর্কিত কনস্টেবলসহ মাদক চক্রের মূল হোতাদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: কনস্টেবল রমজানডিমলানীলফামারীপুলিশ সদস্য ক্লোজডভিডিও ভাইরালমাদক সেবন