দিল্লিতে কঠোর নিরাপত্তা, ইন্টারনেট-ট্রেন পরিষেবা বন্ধ, আটক ধ্রুব রাঠি প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬ ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার রাজধানীর যন্তর মন্তরে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিকে কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বিক্ষোভ মোকাবেলায় দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৪০,০০০-এরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের আগে শনিবার সকাল থেকেই পুলিশি ধরপাকড় শুরু হয়েছে। রাতারাতি ১,০০০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে এবং প্রতিবাদস্থলের আশপাশ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। পুলিশের নির্দেশনা অমান্য করার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। যন্তর মন্তরমুখী প্রতিটি রাস্তা ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ বসিয়ে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে আকাশপথে ড্রোন ব্যবহার করছে কর্তৃপক্ষ। এছাড়া জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের ৪ কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছে। পরিবহন ব্যবস্থাতেও বড় ধরনের প্রভাব পড়েছে। ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নিউ দিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা থাকা ২৫০টিরও বেশি ট্রেন ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি রাজীব চক, নিউ দিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক এবং কাশ্মীর গেটসহ ৪৫টি মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা হয়েছে। সিজেপি নেতা অভিজিৎ দীপকে, যিনি মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন, দাবি করেছেন যে ক্ষমতাসীন সরকার তরুণ প্রজন্মকে ভয় পাচ্ছে। তিনি বলেন, তাদের উদ্দেশ্য ছিল রাজধানীতে শান্তিপূর্ণ জমায়েত ও আন্দোলন করা, কিন্তু তাতে বাধা দিয়ে সরকার নিজেদের ভীতিই প্রকাশ করছে। SHARES রাজনীতি বিষয়: দিল্লিধ্রুব রাঠিনিরাপত্তাবিক্ষোভসিজেপি