তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে ঢুকলেন নতুন উপাচার্য ড. শরীফুল

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যেই প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর তালা ভেঙে ক্যাম্পাসে ঢোকেন।

পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী নতুন উপাচার্যের ঢাকায় অবস্থান করার কথা থাকলেও সোমবার সকালে তিনি আকস্মিকভাবে চুয়েট ক্যাম্পাসে উপস্থিত হন। ওই সময় ছাত্রদলপন্থি বর্তমান ও সাবেক আট থেকে দশজন শিক্ষার্থী উপাচার্যের সঙ্গে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন এবং পরবর্তীতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর পরদিন ২২ সেপ্টেম্বর থেকে তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন।

একইসঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন। এসব আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে তীব্র অচলাবস্থা তৈরি হয়েছে।