অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনে অবরুদ্ধ থাকা ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করে ক্যাম্পাসের বাইরে নিয়ে গেছে জেলা প্রশাসন ও পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে তাকে প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। এরপর পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন। ভিসিকে উদ্ধার করার জন্য বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, একজন সম্মানিত শিক্ষক নিরাপত্তার জন্য আবেদন করেছেন এবং চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। সেই প্রেক্ষিতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য তারা এসেছেন। তবে তাকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ভিসিকে ক্যাম্পাস থেকে বের করার সময় শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এছাড়া প্রশাসনিক ভবন থেকে বের করার পর এক শিক্ষার্থী মাইকে ঘোষণা দেন যে, ভিসিকে এই শর্তেই ক্যাম্পাস ছাড়ার সুযোগ দেওয়া হচ্ছে যে তিনি আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর থেকে সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এই আন্দোলনের মধ্যেই সোমবার সকালে নতুন ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, তিনি বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এই ঘটনার প্রতিবাদে এবং পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা তাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। এর আগে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন ও সর্বাত্মক বন্ধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন। SHARES ক্যাম্পাস বিষয়: চট্টগ্রামচুয়েটবিশ্ববিদ্যালয়ভিসি উদ্ধারশিক্ষার্থী আন্দোলন