আড়াই মাস পেরিয়ে গেলেও যোগ দেননি বেরোবির নতুন ট্রেজারার

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রায় দুই বছর শূন্য থাকার পর ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলেও আড়াই মাসেও যোগদান করেননি নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার। এই দীর্ঘসূত্রতার কারণে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব বণ্টন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ ২০২৪ সালের ১৭ আগস্ট পদত্যাগ করার পর থেকেই পদটি শূন্য ছিল। পরবর্তীতে চলতি বছরের ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে এই পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের আড়াই মাস পেরিয়ে গেলেও তিনি এখনো দায়িত্ব গ্রহণ করেননি।

যোগদান না করার বিষয়ে অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার বলেন, তিনি যোগদানের জন্য প্রস্তুত আছেন এবং সরকারি নির্দেশনা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানিয়েছেন, ট্রেজারার নিয়োগের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের এখতিয়ারভুক্ত।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ট্রেজারার পদটি দীর্ঘদিন শূন্য থাকায় বাজেট বাস্তবায়ন, আর্থিক ব্যবস্থাপনা, ব্যয় অনুমোদন ও উন্নয়ন কার্যক্রমের অর্থসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। এছাড়া বিভিন্ন দপ্তরের আর্থিক প্রস্তাব পর্যালোচনা, বিল-ভাউচার নিষ্পত্তি এবং অর্থ ছাড়ের মতো দৈনন্দিন কাজেও অতিরিক্ত সময় লাগার সম্ভাবনা রয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমের গতি কমিয়ে দিতে পারে।

বর্তমানে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ট্রেজারারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি আর্থিক দায়িত্বের অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রমের সঙ্গে আর্থিক বিষয়গুলো সমন্বয় করা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত