রাজাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ, বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ প্রত্যাহার এবং ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধনে বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. শাহজাহান, নবম শ্রেণির শিক্ষার্থী মেহেরুন নেছা এবং দশম শ্রেণির শিক্ষার্থী মারিয়া ও তিথি বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, প্রায় এক মাস আগে প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খান যোগদানের পর বিদ্যালয়ে অনিয়ম দূর করার উদ্যোগ নিলে কয়েকজন শিক্ষক ক্ষুব্ধ হয়ে তাঁকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেন। তাঁর বিরুদ্ধে বেনামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। বক্তারা হুঁশিয়ারি দেন যে, দাবি পূরণ না হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামবে।

প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খান জানান, যোগদানের পর থেকে তিনি অনিয়ম দূর করে শিক্ষার পরিবেশ উন্নত করার চেষ্টা করছেন। তিনি নিয়মিত ক্লাস নিশ্চিত করেছেন, ছাত্রীদের উপস্থিতি বেড়েছে এবং গাইড বইয়ের পরিবর্তে ইন-হাউস প্রশ্নপত্র তৈরির ব্যবস্থা করেছেন। তিনি বলেন, বিদ্যালয়ের পুরোনো স্বজনপ্রীতি ও অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কারণেই কিছু শিক্ষক অসন্তুষ্ট হয়েছেন। তিনি এই ষড়যন্ত্রে জড়িতদের দায় স্বীকারের আহ্বান জানিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, শিক্ষকদের গ্রুপিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হোক তা তাঁরা চান না এবং এই পরিস্থিতির দ্রুত অবসানের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ষড়যন্ত্রের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত