মক্কা-মদিনার নিরাপত্তা ‘রেড লাইন’, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার নিরাপত্তা এবং পবিত্রতা লঙ্ঘনকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করেছে সৌদি আরব। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে এই সতর্কবার্তা দিয়েছেন দেশটির দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রধান।

সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শেখ আবদুর রহমান আল সুদাইস বলেছেন, মক্কা ও মদিনার নিরাপত্তা এবং পবিত্রতা এমন একটি ‘রেড লাইন’, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। তিনি হুতিদের এসব হামলাকে তাদের ‘অপরাধমূলক কর্মকৌশল’ এবং মুসলমান ও তাদের পবিত্র স্থানগুলোর প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন। শেখ সুদাইসের মতে, পবিত্র স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা ইসলামি আইন ও আন্তর্জাতিক মানবিক নীতিমালা উভয় ক্ষেত্রেই স্বীকৃত এবং এসব স্থানে হামলা চালানো সেই বিধানের স্পষ্ট লঙ্ঘন।

এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার ওয়াদি আল মুগাম্মাস, জেদ্দার আল নুজহা, তাইফের ওয়াদি জলিল এবং রাবিগের মাসতুরা এলাকায় পড়লে সিভিল ডিফেন্সের দলগুলো উদ্ধার ও নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করে। শেখ সুদাইস সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থার প্রশংসা করে জানান, এসব হামলায় দেশটির স্থিতিশীলতা নষ্ট হবে না, বরং পবিত্র স্থান এবং লাখ লাখ হাজি ও ওমরাহ পালনকারীর নিরাপত্তা নিশ্চিত করার সংকল্প আরও দৃঢ় হবে। তবে হুতিরা মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে সৌদি আরবের দাবিকে ‘বড় ধরনের মিথ্যা’ বলে আখ্যা দিয়েছে।

এদিকে ‘রেড লাইন’ ঘোষণার মধ্যেই রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। রোববার ভোরে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হুতিদের এই নতুন দফার হামলা প্রতিহত করার সময় রাজধানী রিয়াদে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাত ১টার কিছু পর এবং ভোর ৫টার দিকে রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি সশস্ত্র ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এছাড়া রোববার সকালে দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহর লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে। সেই সঙ্গে আবহা ও নামাস গভর্নরেট এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। খামিস মুশাইতের এক বাসিন্দা জানিয়েছেন, আকাশপথের তীব্র গোলাবর্ষণের কারণে সবকিছু কাঁপছিল।