মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম বিভ্রাটে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের চরম ভোগান্তি প্রকাশিত: 9:00 AM, July 23, 2026 সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটার মালিকানাধীন জনপ্রিয় প্ল্যাটফর্ম মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম হঠাৎ সাময়িকভাবে অচল বা ডাউন হয়ে পড়েছে। বুধবার (২২ জুলাই) এই বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা বার্তা আদান-প্রদান ও ছবি শেয়ার করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন। অনলাইন সেবা ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভ্রাট পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় রাত সোয়া ৯টা পর্যন্ত অন্তত ১ হাজার ৪৯৯ জন মেসেঞ্জার ব্যবহারে বিঘ্ন ঘটার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইনস্টাগ্রামের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ডাউন ডিটেক্টরের তথ্যানুযায়ী, প্রায় ছয় হাজারেরও বেশি ব্যবহারকারী ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন, যা মেসেঞ্জারের তুলনায় প্রায় তিন গুণ বেশি। কারিগরি ত্রুটির কারণে অনেকেই অ্যাপে প্রবেশ করতে পারছিলেন না, এছাড়া নতুন কোনো বার্তা বা ছবিও দেখা যাচ্ছিল না। এই হঠাৎ বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে আন্তর্জাতিক সাইবার প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ‘ডোমেইন নেম সিস্টেম’ বা ডিএনএস ব্যর্থতার কারণে এ ধরনের সংকট তৈরি হতে পারে। ইন্টারনেটের এই ‘ফোনবুক’ ব্যবস্থা যখন কোনো ওয়েবসাইটের ডোমেইন নামকে তার নির্দিষ্ট আইপি অ্যাড্রেসে রূপান্তর করতে পারে না, তখনই ব্যবহারকারীরা মেসেঞ্জার বা ইনস্টাগ্রামের সার্ভারে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। এর আগে ২০২১ সালেও মেটার মালিকানাধীন সব সেবা কারিগরি ত্রুটির কারণে টানা প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল। দীর্ঘ সময় প্ল্যাটফর্মগুলো অচল থাকায় সে সময় কোম্পানিটিকে প্রায় ১০০ মিলিয়ন ডলারের বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল। SHARES অন্যান্য বিষয়: ইনস্টাগ্রামপ্রযুক্তিমেটামেসেঞ্জারসার্ভার বিভ্রাট