হুমকির মুখে চমেক থেকে পালাতে হলো মহিলা দলের নেত্রীকে প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় হাসপাতাল ছাড়তে বাধ্য হয়েছেন মহিলা দলের নেত্রী দিপ্রতী দাশ প্রকাশ দিপ্তী চৌধুরী। তিনি জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরেরও মহিলা সম্পাদিকা। শনিবার (১০ অক্টোবর) সকালে তার ওপর নতুন করে হুমকি আসার পর তিনি প্রাণ বাঁচাতে হাসপাতাল ত্যাগ করেন। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে দিপ্তী চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে। দিপ্তীর ভাষ্যমতে, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা চন্দন তালুকদার এবং কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে-র নির্দেশেই তার ওপর এই হামলা চালানো হয়। এ সময় চন্দন তালুকদার ও বিপ্লব দে ছাড়াও নিশান, পিংকী, রাসেল ও আশুতোষসহ ১৫ থেকে ২০ জন উপস্থিত ছিলেন বলে অভিযোগ করেন তিনি। হামলার পরপরই তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু ছাত্রলীগ নেতা নিশানের নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাকে হাসপাতাল ছাড়ার জন্য চাপ প্রয়োগ করে। ওই হামলাকারীদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, যদি এ ঘটনার বিষয়ে কোনো আইনি ব্যবস্থা বা মামলা দায়ের করা হয়, তবে তাকে প্রাণনাশের শিকার হতে হবে। এমন হুমকির মুখেই চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি হাসপাতাল থেকে চলে যেতে বাধ্য হন। কারণ হাসপাতাল না ছাড়লে এবং হামলার ঘটনায় কোনো মামলা হলে দিপ্তীকে খুন করা হবে বলে হুমকি দেন ছাত্রলীগ নেতা নিশানের নেতৃত্বে ৬/৭ জনের একটি গ্রুপ। SHARES আইন আদালত বিষয়: চট্টগ্রামচমেকদিপ্তী চৌধুরীহামলাহুমকি