সংসদ ভবন দেখার সুযোগ পাবে প্রবর্তক স্কুলের শিক্ষার্থীরা

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীকে প্রতি বছর জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। বুধবার সকালে আয়োজিত প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং অভিভাবক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির চর্চা বন্ধ করে শিক্ষক ও শিক্ষার্থীদের পছন্দ-অপছন্দের প্রভাবমুক্ত একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে স্কুল ও কলেজের প্রায় দেড় হাজার শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। দিন শেষে মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখা ৩০০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপি আয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য অধ্যাপক রীতা দত্ত এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য সালাহউদ্দিন মো. রেজা।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে নিজেদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটায়।