সাইবার অপরাধীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন বৈশ্বিক ভিসা নিষেধাজ্ঞা প্রকাশিত: 12:06 PM, July 25, 2026 যুক্তরাষ্ট্র সরকার একটি নতুন বৈশ্বিক ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছে। এই নীতির মূল লক্ষ্য হলো সাইবার অপরাধ এবং সাইবার-সক্ষম অপরাধে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এর মধ্যে অনলাইন বিনিয়োগ প্রতারণা বা ইনভেস্টমেন্ট স্ক্যাম এবং সেক্সটরশন—অর্থাৎ অন্তরঙ্গ ছবি বা ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মতো অপরাধে জড়িতদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, কেবল অপরাধে জড়িত ব্যক্তিরাই নয়, বরং এসব কর্মকাণ্ডে সহযোগিতা করা ব্যক্তিদের নিকটাত্মীয়রাও এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। রুবিও আরও বলেন, যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকদের শিকার বানাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১২(এ)(৩)(সি) ধারার আওতায় নতুন এই নীতি কার্যকর করা হয়েছে। এটি ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্র দমনের বৃহত্তর উদ্যোগের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনের পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধেও ভিসা নিষেধাজ্ঞাকে একটি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হবে। উল্লেখ্য, চলতি বছরেই যুক্তরাষ্ট্র রাজনৈতিক সহিংসতায় সমর্থন, প্রতিপক্ষকে সহায়তা, মাদক কার্টেল বা সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে একই ধরনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব ক্ষেত্রেও অভিযুক্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছিল। SHARES অন্যান্য বিষয়: প্রতারণাভিসা নিষেধাজ্ঞামার্কিন যুক্তরাষ্ট্রমার্কো রুবিওসাইবার অপরাধ