ইরানে হামলা স্থগিতের নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: 9:01 AM, July 26, 2026

ইরানে প্রায় দুই সপ্তাহ ধরে চলা সামরিক হামলা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সাথে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, গত ১৩ দিন ধরে বিমান হামলার অনুমোদন দিয়ে আসলেও শুক্রবার নতুন কোনো হামলার পরিকল্পনায় সম্মতি দেননি ট্রাম্প। তবে এই স্থগিতাদেশ সাময়িক নাকি কোনো বড় নীতির পরিবর্তনের ইঙ্গিত, তা এখনো স্পষ্ট নয়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত হতে পারে। এছাড়া বর্তমান সামরিক হামলার পরিধি ইতোমধ্যে তার সর্বোচ্চ সীমায় পৌঁছেছে বলে তিনি মনে করছেন। যদিও মার্কিন সামরিক বাহিনী সম্ভাব্য সংঘাত বৃদ্ধির প্রস্তুতি অব্যাহত রেখেছে, তবুও ট্রাম্প এখন পর্যন্ত নতুন কোনো কঠোর পদক্ষেপের নির্দেশ দেননি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান, তিনি চাইলে ইরানের যা কিছু আছে তা পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়ার মতো সামরিক সক্ষমতা রাখেন। তবে বর্তমান পরিস্থিতিতে ইরানের সাথে চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ বলে তিনি মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমরা তাদের সাথে কথা বলছি এবং দিন যত যাচ্ছে, তারা বিষয়টি নিয়ে তত বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি নিজেকে শতভাগ প্রস্তুত বা 'লকড অ্যান্ড লোডেড' দাবি করে যেকোনো পদক্ষেপে রাজি থাকার কথা জানান।

পরবর্তীতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে ট্রাম্প মন্তব্য করেন যে, ইরান এখনো কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য পুরোপুরি প্রস্তুত নয়। তবে তিনি যোগ করেন, আমি তাদের কথা শুনতে রাজি আছি।