২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ আয়োজক শহর চূড়ান্ত করল আইসিসি প্রকাশিত: 11:03 AM, July 31, 2026 দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে আবারও ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে এই দুটি দেশের সঙ্গে থাকছে নামিবিয়াও। আইসিসি ইতোমধ্যে বিশ্বকাপের জন্য ১২টি আয়োজক শহরের নাম চূড়ান্ত করেছে। টুর্নামেন্টটি ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। মোট ৫৪টি ম্যাচের সিংহভাগ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে। শহরগুলো হলো—জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবারা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইন। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ওয়ান্ডারার্স কিংবা নিউল্যান্ডসে আয়োজনের পরিকল্পনা রয়েছে। জিম্বাবুয়েতে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলস—এই তিনটি শহরে। এই তিনটি শহরে মোট ৭ থেকে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভিক্টোরিয়া ফলস নতুন সংযোজন। আগামী ঘরোয়া মৌসুমের ম্যাচগুলো এখানেই আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং ২০২৭ সালের শুরুর দিকে আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমে স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। এছাড়া নামিবিয়ার উইন্ডহকে অন্তত তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমকে প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে। নামিবিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ বাছাইপর্ব আয়োজনেরও সম্ভাবনা রয়েছে, যা আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়ার কথা। সেই একই সময়ে দক্ষিণ আফ্রিকার প্রধান ছয়টি স্টেডিয়াম—ওয়ান্ডারার্স, সুপারস্পোর্ট পার্ক, নিউল্যান্ডস, কিংসমিড, সেন্ট জর্জেস পার্ক ও বোল্যান্ডে ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ অনুষ্ঠিত হবে। SHARES অন্যান্য বিষয়: আইসিসিওয়ানডে বিশ্বকাপক্রিকেটজিম্বাবুয়েদক্ষিণ আফ্রিকানামিবিয়া