শিগগিরই গঠিত হচ্ছে গণমাধ্যম কমিশন: তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন প্রকাশিত: 6:30 PM, July 31, 2026 দেশের গণমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও পেশাদার কাঠামোর মধ্যে নিয়ে আসার লক্ষ্যে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে সম্পন্ন করেছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন (এমপি) এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, কমিশন গঠনের উদ্দেশ্যে প্রণীত অ্যাকশন প্ল্যান ও খসড়া নীতিমালা খুব শিগগিরই সরকারের অনুমোদনের জন্য জমা দেওয়া হবে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠিত হলে সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, নৈতিক চর্চা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে একটি কার্যকর কাঠামো তৈরি হবে। এর মাধ্যমে সৎ, দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকরা রাষ্ট্রীয়ভাবে উৎসাহ ও প্রাতিষ্ঠানিক সহায়তা পাবেন। পাশাপাশি, যারা সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানদণ্ড লঙ্ঘন করবেন, তাদের ক্ষেত্রেও প্রয়োজনীয় জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। তথ্যমন্ত্রী আরও বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সরকার এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে সাংবাদিকরা নির্ভয়ে ও পেশাদারিত্বের সঙ্গে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে পারবেন। প্রস্তাবিত গণমাধ্যম কমিশন সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গণমাধ্যমের উন্নয়ন কেবল সরকারের একার দায়িত্ব নয় উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিক, গণমাধ্যম মালিক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগেই একটি সুস্থ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশ গড়ে তোলা সম্ভব। বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আখতার ফারুক শাহিন স্বাগত বক্তব্য রাখেন। সভায় বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নিকুঞ্জবালা পলাশ ও সাধারণ সম্পাদক শাহীন হাফিজ, সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি কাজী মিরাজ, দৈনিক শাহানামার সম্পাদক কাজী আজাদ, বাংলাভিশনের সালেহ টিটু, দীপ্ত টিভির র্তুজা জুয়েল, নাগরিক টিভির শাহিন হাসান, আগামীর সময়ের তন্ময় তপু, দেশ টিভির শাকিল মাহমুদ এবং মোহনা টিভির শেখ শামীমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। অংশগ্রহণকারী সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, প্রস্তাবিত কমিশন সাংবাদিকদের অধিকার রক্ষার পাশাপাশি সংবাদপেশার মর্যাদা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে। SHARES সারাদেশ বিষয়: এম জহির উদ্দিন স্বপনগণমাধ্যম কমিশনতথ্য মন্ত্রণালয়বরিশালসাংবাদিকতা