হাদিসে বর্ণিত বিশেষ ৫ দরুদ ও তার ফজিলত

প্রকাশিত: 10:31 AM, August 1, 2026

রাসুলুল্লাহ (সা.)-এর শানে দরুদ পাঠ করা প্রত্যেক মুমিনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এটি আত্মিক উন্নতির পাশাপাশি দুনিয়া ও আখেরাতে সাফল্য লাভের অন্যতম মাধ্যম। স্বয়ং আল্লাহতায়ালা এবং তাঁর সম্মানিত ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। পবিত্র কোরআনেও এ বিষয়ে নির্দেশ দিয়ে বলা হয়েছে, 'নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ! তোমরাও নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো।' (সুরা আহজাব : ৫৬)।

রাসুলুল্লাহ (সা.)-এর নাম শুনলে বা উচ্চারণ করলে দরুদ পাঠ করা জরুরি। জীবনে অন্তত একবার দরুদ পাঠ করা ফরজ এবং এর আমল যেকোনো সময় ও স্থানে করা যায়। যত বেশি দরুদ পাঠ করা হবে, তত বেশি মঙ্গল। নিচে হাদিসে বর্ণিত পাঁচটি দরুদ তুলে ধরা হলো।

এক. কাব ইবনে উজরা (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের কাছে এলে তারা দরুদ পড়ার প্রক্রিয়া জানতে চান। তখন তিনি বলেন, 'আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, কামা বারক্তা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ।' (বোখারি : ৩৩৭০)।

দুই. জায়েদ ইবনে খারিজা (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে প্রশ্ন করলে তিনি বলেন, 'তোমরা আমার ওপর দরুদ পাঠ কর এবং বেশি বেশি দোয়া করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।' (নাসায়ি : ১২৯২)।

তিন. উকবা ইবনে আমের (রা.)-এর বর্ণনায় রয়েছে, 'তোমরা বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিইয়িল উম্মিইয়ি ওয়া আলা আলি মুহাম্মাদিন।' (আবু দাউদ : ৯৮১)।

চার. আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, যে মুসলমানের কাছে সদকা করার মতো কিছু নেই, সে যেন দোয়া করার সময় বলে, 'আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আব্দিকা ওয়া রাসুলিকা, ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।' কারণ এটি তার জন্য জাকাত হিসেবে গণ্য হবে। (আল-আদাবুল মুফরাদ : ৬৪৪)।

পাঁচ. রুয়াইফি ইবনে সাবেত আনসারি থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি মুহাম্মাদের (সা.) ওপর দরুদ পড়ে বলবে, 'আল্লাহুম্মা আনজিলহুল মাক আদাল মুকার রাবা ইন্দাকা ইয়াওমাল কিয়ামাহ', তার জন্য আমার সুপারিশ সুনিশ্চিত হয়ে যাবে। (মিশকাতুল মাসাবিহ : ৯৩৬)।