উত্তর প্রদেশে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ শুরু

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

ভারতের উত্তর প্রদেশে সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে। রাজ্যের বুলন্দ শহরের ১৫টি গ্রামে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যোগী আদিত্যনাথ সরকারের পক্ষ থেকে প্রতি লিটার গোমূত্র ২০ রুপি দরে সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫ টাকা ৮৮ পয়সা। এই কার্যক্রমের সুবিধার্থে স্থানীয় গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাঙ্ক বসানো হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি, গ্রামীণ নারীদের কর্মসংস্থান এবং দুধ দেওয়া বন্ধ হয়ে যাওয়া গরুর রক্ষণাবেক্ষণে সহায়তা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রায় ৩০০ জন নারী এই প্রকল্পের সাথে যুক্ত রয়েছেন এবং তাদের এফপিওর শেয়ারহোল্ডার করা হয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতাকারী নারীরা প্রতি লিটারে দুই রুপি করে কমিশন পাচ্ছেন। সংগৃহীত এই গোমূত্র ব্যবহার করে রাসায়নিক সার ও কৃষি-উপকরণের বিকল্প তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। প্রকল্পটির সফলতা সাপেক্ষে রাজ্যজুড়ে এটি চালুর জন্য পৃথক নীতি প্রণয়ন করা হবে।

তবে এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি) একে ‘কেলেঙ্কারি’ বলে অভিহিত করেছে। দলটির মুখপাত্র মুহাম্মদ আজম খান অভিযোগ করেছেন যে, নির্বাচনের তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এতে রাজ্যে গরু বা খামারিদের নিরাপত্তা নিশ্চিত হবে না। অন্যদিকে, বিজেপি মুখপাত্র হিরো বাজপেয়ী এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, সমাজবাদী পার্টি রাজ্যের প্রতিটি উন্নয়নমূলক কাজেই ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে।