এডুকেশন ওয়াচের তালিকায় রাজধানীর সেরা ২০ কলেজ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

শিক্ষা বিষয়ক পত্রিকা এডুকেশন ওয়াচ রাজধানী ঢাকার উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেরা ২০টি কলেজের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকাটি তৈরিতে প্রতিষ্ঠানগুলোর পাবলিক পরীক্ষার ফলাফল, পাসের হার, জিপিএ-৫ অর্জনের হার, দীর্ঘমেয়াদি একাডেমিক সাফল্য এবং সাম্প্রতিক ফলাফলের সামগ্রিক চিত্রকে মূল মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়েছে।

এডুকেশন ওয়াচের বিশ্লেষণে উঠে আসা রাজধানীর সেরা ২০টি কলেজ হলো নটর ডেম কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, হলি ক্রস কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, মাইলস্টোন কলেজ, ঢাকা ইমপিরিয়াল কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজ ঢাকা, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ এবং শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

মূল্যায়নের শীর্ষে থাকা নটর ডেম কলেজের দীর্ঘ সময়ের ধারাবাহিকতা উল্লেখযোগ্য। ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৭টি পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৪৮ হাজার ৭৭৬ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৪৮৬ জন উত্তীর্ণ হন এবং জিপিএ-৫ পান ৩২ হাজার ৭৪১ জন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে একই সময়ে ২৯ হাজার ৮৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ৭৪৭ জন উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ অর্জন করেছেন ২০ হাজার ১০৪ জন। তৃতীয় স্থানে থাকা রাজউক উত্তরা মডেল কলেজে ২৩ হাজার ২৬৩ জন শিক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ২৩৮ জন উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ১৭ হাজার ৪৭০ জন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রেও ১৭টি পরীক্ষায় ৩০ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ হাজার ৪২৬ জন উত্তীর্ণ এবং ১৮ হাজার ৬৭১ জন জিপিএ-৫ অর্জন করেছেন।

এডুকেশন ওয়াচ জানিয়েছে, শুধুমাত্র জিপিএ-৫ এর সংখ্যা দিয়ে প্রতিষ্ঠানের মান নির্ধারণ করা সম্ভব নয়। শিক্ষার্থীদের প্রাথমিক একাডেমিক অবস্থান, পাসের হার, শিক্ষার পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, সহশিক্ষা কার্যক্রম, অবকাঠামো এবং উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের অগ্রগতিও সমান গুরুত্বপূর্ণ সূচক। বিভিন্ন গণমাধ্যমের র‍্যাঙ্কিংয়ের মধ্যে পার্থক্যের কারণ হলো পদ্ধতিগত ভিন্নতা; কেউ নির্দিষ্ট বছরের ফলাফলকে গুরুত্ব দেয়, আবার কেউ দীর্ঘমেয়াদি পারফরম্যান্স মূল্যায়ন করে। তাই এই তালিকাকে এডুকেশন ওয়াচের নিজস্ব মূল্যায়ন হিসেবে দেখা উচিত। শিক্ষার্থী ও অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে যে, কেবল তালিকার অবস্থান দেখে কলেজ নির্বাচন না করে যাতায়াত, ব্যয়, নিজের সক্ষমতা এবং উচ্চশিক্ষার লক্ষ্যের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত