বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জের কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী ছিলেন।

এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি সফরে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। পথিমধ্যে গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বধির ওই বৃদ্ধা গাড়ির সামনে পড়ে যান। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং গাড়িতে থাকা তার সহধর্মিণী আহত হন। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পরে তারা নিজ বাড়িতে ফিরে যান। একই ঘটনায় গুরুতর আহত ফিরোজা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানিয়েছেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন এবং তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।